বাংলার ভোর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে বক্তব্য রেখেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। অল্প বয়সে স্বামী হারিয়ে দুই নাবালক সন্তানকে মানুষ করার দায়িত্বের পাশাপাশি দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য তিনি রাজপথে নেমে এসেছিলেন। স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের অনেকের মতো তিনিও বেগম খালেদা জিয়াকে দেখে বড় হয়েছেন এবং তার লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগ থেকে দেশের প্রতি দায়বদ্ধতার শিক্ষা গ্রহণ করেছেন।

তিনি বলেন, নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী শাসক হুসাইন মোহাম্মদ ইরশাদের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। পরে জনগণের ভোটে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, যা দেশবাসী আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়ার সাহসী ও দৃঢ় অবস্থান বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি নিজের পরিবার ও শারীরিক অবস্থার কথা চিন্তা না করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আত্মত্যাগ করেছেন।

জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, এই লড়াই ও আত্মত্যাগের মাধ্যমে বেগম খালেদা জিয়া দল-মতের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন।

বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের পথ পাড়ি দিয়ে তারা আজ মহান জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন। এজন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার নির্বাচনী এলাকা যশোর-৩ (সদর) আসনের সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, যারা ভোট দিয়ে তাকে সংসদে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন, এই ঐতিহাসিক মুহূর্তে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, মহান জাতীয় সংসদের স্পিকারসহ সকল সংসদ সদস্যকে সালাম ও শুভেচ্ছা জানান।

Share.
Exit mobile version