জীবননগর সংবাদদাতা
জীবননগরে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দুই ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রিজের কাছ থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল রাস্তার পাশে রেখে বিভিন্ন যানবাহন থেকে নগদ টাকা উত্তোলন করেছিলেন। এ সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের ঘিরে ফেলে। পরে জনতার হাতে আটক দুই জনকে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় আরও ২/৩ জন পালিয়ে যায়।

আটকরা হলেন, ঝিনাইদহ জেলার গাবতলা পাড়ার আহাদ (৩৫) ও কোটচাঁদপুর উপজেলার বাজার পাড়ার রিজভী সালমান (২৯)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডিবি পুলিশের পোষাক ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Share.
Exit mobile version