জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (প্রায় ৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনের পশ্চিম পাশে খুলনা থেকে চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি কয়েকদিন ধরে স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি রেললাইনের ওপর বা খুব কাছাকাছি অবস্থান করায় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
উথলী স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

