পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বৃদ্ধা সুমিত্রা ঘোষ (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের সলুয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২৪ জুন রাতে সুমিত্রা ঘোষ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
নিহতের ছেলে নারায়ণ ঘোষের দাবি, গরু বিক্রির প্রায় ৫০ হাজার টাকা ঘরে রয়েছে–এমন তথ্যের ভিত্তিতে দুর্বৃত্তরা টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা তার মায়ের ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাড়িতে এনে চিকিৎসা চলাকালে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।
এ ঘটনায় নারায়ণ ঘোষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেছেন।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

