জীবননগর সংবাদদাতা
জীবননগর উপজেলার উথলী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাট বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উথলী বাজারের কলিমউদ্দিনের গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও স্থানীয়দের প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান আশপাশের ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে শ্রমিকরা গোডাউন থেকে ট্রাকে পাট উঠানোর সময় অসাবধানতাবশত পাটের একটি আঁটি বৈদ্যুতিক সাইড লাইনের তারে লেগে মেইন তারে স্পর্শ করে। এতে মুহূর্তের মধ্যে ট্রাকের উপরে থাকা পাটে আগুন ধরে যায়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত চালক ট্রাকটি ফাঁকা স্থানে নিয়ে গেলে স্থানীয় ব্যবসায়ী ও সেনেরহুদা গ্রামের যুব সমাজের উদ্যোগে ১ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক কলিম উদ্দিন বলেন, ট্রাকে পাট লোড করার সময় দুর্ঘটনাবশত আগুনে ঘটনা ঘটে। সবার প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পাটগুলো পুড়ে শেষ হয়ে গেছে। এতে ব্যবসায়ীর সাড়ে ১৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, ইউপি সদস্য আরমান আলীসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
