জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেশের প্রতিটি সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় ১০ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
এরই অংশ হিসেবে জীবননগর উপজেলায় প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রত্যেক উপকারভোগীকে ২ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জীবননগর উপজেলায় মোট ২১৩ জন উপকারভোগীর মধ্যে ২ হাজার টাকা করে মোট ৪ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপকারভোগীদের তালিকা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়, যাতে প্রকৃত অসহায় ব্যক্তিরাই এ সহায়তার আওতায় আসেন।
