বাংলার ভোর প্রতিবেদক
লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে যশোরের ঝিকরগাছায় পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
ভুক্তেভোগীরা জানান, ফেজ সমস্যার কারণে গত চার বছর ধরে ১নং ওয়ার্ডে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। একই পৌরসভার অন্যান্য এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তবে নির্দিষ্ট একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিলে চরম ভোগান্তিতে পড়েছেন এ এলাকার বাসিন্দারা।
এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা হঠাৎ করে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন। এ সময় কার্যালয়ের কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। এ সময় ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ জানান, পুলিশের মধ্যস্থতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পর বিক্ষুব্ধ জনতা শান্ত হয়।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম কাদির বলেন, সমস্যাটি মূলত কারিগরি। দ্রুত একটি টেকনিশিয়ান টিম পাঠিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে। তিনি আরো বলেন, সামগ্রিকভাবে বিদ্যুৎ সংকট কিছুটা বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
পরে ফেজ পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস পেয়ে এলাকাবাসী দুপুরের দিকে অবরোধ তুলে নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল।
