ঝিনাইদহ সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও ঝিনাইদহের বিশিষ্ট শিল্প পরিবার ‘জোহান পরিবার’-এর উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরের আরাপপুর এলাকায় এ খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

এ সময় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং জোহান অ্যাগ্রো ও জোহান ড্রিম ভ্যালির মালিক মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকালের পর থেকেই ঝিনাইদহ শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কার্ডধারী সুবিধাভোগীরা খাদ্য সামগ্রী গ্রহণের জন্য বিতরণ স্থলে আসতে থাকেন। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল, ১ কেজি চিনি ও ১ কেজি সেমাই বিতরণ করা হয়।

ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। পাশাপাশি সমাজের বিত্তবানদের আরও বেশি করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি ইবাদত-বন্দেগির সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। তাই এ সময় বেশি বেশি দান-সদকা করা উচিত এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

খাদ্য সামগ্রি বিতরণকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ধনী-গরিব নির্বিশেষে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সমাজের সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Share.
Exit mobile version