তালা সংবাদদাতা

গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ধরে রাখতে তালা উপজেলার শাহাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের সমাগমে শাহাপুর-ভায়ড়া-বারুইহাটি বিল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শুক্রবার বিকেলে শাহাপুর-ভায়ড়া বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তালা, সাতক্ষীরা, খুলনা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া ও অশ্বারোহীরা অংশ নেন। একের পর এক রোমাঞ্চকর দৌঁড়ে দর্শকরা করতালি ও উচ্ছ্বাসে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

তালার শাহাপুর-ভায়ড়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য মফিজুল ইসলাম এবং সাবেক ছাত্র নেতা মারুফুল ইসলাম মারুফ।

সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম (মনু), হাফিজুর ইসলাম, মো. রিপন, বিশাল মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ ক্রীড়াকে পরিচিত করে তুলতেই এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে ইউপি সদস্য মফিজুল ইসলামের ঘোড়া ‘আব্দুল রাজ’। দ্বিতীয় হয় বাবর আলীর ঘোড়া ‘ডিজে’ (বাঘারপাড়া)। তৃতীয় স্থান লাভ করে আমির শেখ ও আবুল মোড়লের ঘোড়া ‘চাচা-ভাতিজা’। চতুর্থ স্থান অর্জন করে খুলনার শিরোমনির ‘পাখি’ নামের ঘোড়া। এছাড়া বাঘারপাড়ার আকিমুল ইসলামের ঘোড়া ‘বাহাদুর’ (বাঘারপাড়া)-কেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Share.
Exit mobile version