বাংলার ভোর প্রতিবেদক

যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাট মন্দিরের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধন শেষে তিনি মহাশ্মশানে আয়োজিত মহানামযজ্ঞও পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি কখনো কোনো উন্নয়নে বৈষম্য করে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের উন্নয়নে দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই এ দেশের সব ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একসঙ্গে দেশ গঠনে কাজ করে আসছে।

তিনি আরও বলেন, শুধু নীলগঞ্জ মহাশ্মশান নয়, সারা দেশের সব ধর্মাবলম্বী মানুষের কল্যাণে বিএনপি কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তবে কেউ যদি দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক আলোক কুমার ঘোষ।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নাট মন্দিরের উদ্বোধন করেন এবং মহানামযজ্ঞের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক আলোক কুমার ঘোষ, উপদেষ্টা অসীম কুণ্ডু, বিনয় কৃষ্ণ মল্লিক ও শ্যামল দাস, সাধারণ সম্পাদক সনৎ সাহা, সহ-সভাপতি মৃণাল কান্তি দে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, নির্বাহী সদস্য নির্মল কুমার বিট এবং যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আলোক কুমার ঘোষ।

সম্মানিত অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমলেশ মজুমদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার রায় এবং নির্বাহী সদস্য নির্মল কুমার বিট।

Share.
Exit mobile version