বাংলার ভোর প্রতিবেদক

যশোরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভি চ্যানেলটির সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা জানান।

এনটিভির জন্মলগ্নের সময়কার স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৩ সালে এনটিভির যখন জন্ম হয়, তখন তার পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম তথ্যমন্ত্রী ছিলেন। এনটিভি প্রতিষ্ঠায় তারও কিছুটা ভূমিকা ছিল।’
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল ও নিউজপোর্টালের সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সমস্ত মিডিয়ার প্রতিই বর্তমান সরকারের শুভকামনা রয়েছে। শত ফুল ফুটুক-এটাই বর্তমান বিএনপি সরকারের প্রত্যাশা।

তিনি বলেন, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা একসময় প্রাণান্ত চেষ্টা করেছেন, তারা এখনও বহাল তবিয়তে আছেন এবং কথা বলছেন। যদিও এ বিষয়টি নিয়ে অনেকেই প্রধানমন্ত্রী ও সরকারের সমালোচনা করছেন।

প্রতিমন্ত্রী বলেন, কেউই ভুল ত্রুটির উর্ধ্বে না। সরকার মনে করে, সাংবাদিকরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সেটা সরকারকে সঠিক পথে চলতে সহায়তা করবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, অ্যাড. বোরহান উদ্দিন জাকির, যশোর প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ও যশোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন।

এ সময় সেখানে যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version