তালা সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় যমুনা লাইন পরিবহনের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের বাসিন্দা এবং হারুন-অর-রশিদের স্ত্রী। তাঁর শ্বশুরবাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালা থেকে মোটরভ্যানে আঠারোমাইল যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইনের (ঢাকা মেট্রো-১৩-২৬-৯০) বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে গৃহবধূ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ সময় আহত হন ভ্যানচালক। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং ভ্যানে থাকা দুই শিশু ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পায়।
খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

