লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের নড়াগাতী থানায় এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমা বেগমের (৩৮)। চলতি বছরের ১১ সেপ্টেম্বর বাবার বাড়ি যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়। ১২সেপ্টেম্বর তার স্বামী তরিকুল ইসলাম থানায় জিডি করেন। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
জিডি সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী নাজমা বেগম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের সামছুল আলম মিয়ার মেয়ে। গত ১১ সেপ্টেম্বর সকালে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে নাজমা নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে নগদ ১ লাখ কুড়ি হাজার টাকা ও সাত লক্ষাধিক টাকার তিন ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যান। পরে ১২ সেপ্টেম্বর নড়াগাতী থানায় জিডি করেন তরিকুল ইসলাম।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ হোসেন আলী বলেন, শুনেছি, নিখোঁজ নারী মানসিক ভারসাম্যহীন। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তার সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।
