বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিকরগাছা উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এনসিপির নেতৃবৃন্দ নিজেদের সাংগঠনিক অবস্থান ও পরিচিতি তুলে ধরেন। এরপর ঝিকরগাছা উপজেলার সামগ্রিক উন্নয়ন, চলমান নানা সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিকরগাছা উপজেলা শাখার আহ্বায়ক শেখ আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ময়না, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ রুহুল কুদ্দুস, যুগ্ম সদস্য সচিব মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাজ্জান হাবিব এবং সমাজসেবক মোঃ ইব্রাহিম খলিল।
আলোচনাকালে স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে করণীয় বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং জনস্বার্থে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভা শেষে বক্তারা এলাকার সামগ্রিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
