বাংলার ভোর প্রতিবেদক
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের প্রত্যাশায় যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’-এর এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান। সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আনন্দঘন ও আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এম এস নাসির এবং সঞ্চালনায় ছিলেন প্রত্যাশা আক্তার নিশা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ইমদাদুল হোসেন এবং গীতা পাঠ করেন রত্না শীল।
প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হবে। তবে সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হবে। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিক মূল্যবোধই জীবনে সফলতার মূল চাবিকাঠি।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাইজিদ, জাহিদ হাসান, অ্যানি আক্তার রিতু, পাভেল খান মুসা, তিশা, সাথী ও সাকিব হাসান জিম বক্তব্য দেন। তারা দীর্ঘ দুই বছরের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পাশাপাশি তাদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতে গান পরিবেশন করেন আবির রায়হান, আয়েশা, তিশা ও ইমদাদুল হোসেন। তাদের পরিবেশনায় উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা আনন্দঘন সময় উপভোগ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে ড্রোন ফটোগ্রাফি ও আবির উৎসবের আয়োজন করা হয়। রঙিন আবিরে মুখরিত পরিবেশে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে স্মরণীয় মুহূর্ত কাটিয়ে বিদায় নেয় এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি দীর্ঘদিন ধরে ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি যশোরাঞ্চলে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

