কপিলমুনি সংবাদদাতা :
খুলনার পাইকগাছায় নিরাপদ সড়ক চাই (নিসচা) দক্ষিণ অঞ্চল পাইকগাছা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় তুলে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছার ষোলআনা সমবায় সমিতি লিমিটেডের সংবাদ সম্মেলন অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ সকল দুর্ঘটনার তথ্য তুলে ধরেন।
সংগঠনের সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মিজানুর রহমান, অ্যাডভোকেট একরামুল ইসলাম, হুরায়রা বাদশা, আলাউদ্দিন সোহাগ, কাজী সোহাগ, আবু হানিফ মিলন নিসচা সাংগঠনিক সম্পাদক ফরিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৩ অক্টোবর থেকে ২০২৬ সালের ২০ অক্টোবর পর্যন্ত পাইকগাছা উপজেলায় ছোট-বড় মোট ৬৩টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো, চালকদের অসচেতনতা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানো, ট্রাফিক আইন অমান্য, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং সড়কের পাশে অবৈধভাবে হাটবাজার ও দোকানপাট বসানোর বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়ন, চালকদের সচেতনতা বৃদ্ধি, বৈধ লাইসেন্স ও যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং সড়কের পাশের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যানবাহনচালক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
