জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর (৫৮ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতিবেশি দেশ থেকে জোরপূর্বক বাংলাদেশে নাগরিকদের ঠেলে পাঠানোর (পুশ-ইন) আশঙ্কাকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রমও জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এদিকে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মানবপাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধেও বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও বাড়তি নজরদারির ফলে পুশ-ইনসহ যেকোনো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

