বাংলার ভোর প্রতিবেদক
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। শনিবার বেলা ১১ টায় যশোর সদর উপজেলার বাঁশবাড়িয়া ও ফরিদপুর গ্রামে এ অভিযানের উদ্বোধন করেন যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এএফএম শামীমুল ইসলা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আবদ্ধ খাল, নালা-নর্দমা এবং আবর্জনাপূর্ণ স্থান পরিস্কার করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এয়ার ভাইস মার্শাল এএফএম শামীমুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। আবদ্ধ পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবিস্তার বাড়িয়ে দেয়। তাই এসব জায়গা পরিস্কার রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে খালে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে খালের প্রবাহ স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় মশক নিধনে স্প্রে দেয়া হয়। পরে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বাঁশবাড়িয়া ও ফরিদপুর গ্রামের আবদ্ধ মুক্তেশ্বরী খালের বিভিন্ন অংশ পরিস্কার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।
অন্যদিকে একই দিনে বেলা সাড়ে ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়। যশোর পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশেক হাসান। উদ্বোধনের পর পৌরসভার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, সিভিল সার্জন মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।
জেলা প্রশাসক আশেক হাসান বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকি মোকাবেলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকিও হ্রাস পাবে।
