বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা দখলের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হয়েছেন স্থানীয় তিন বাসিন্দা।
তারা রাস্তার ওপর এলাকাবাসীর চলাচলের অধিকার (ইজমেন্ট রাইট) ঘোষণা এবং রাস্তা দখল ঠেকাতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে যশোরের সদর সিনিয়র সিভিল জজ আদালতে মামলা করেছেন।
মামলার বাদী ফাহিম মুনতাসির, চাঁদনী খাতুন ও শবনম বেগম। প্রধান বিবাদী করা হয়েছে অ্যাডভোকেট শহীদ আনোয়ার পাভেল, সোহরাব হোসেন, হাবিব হোসেন, শাহাদাৎসহ কয়েকজনকে। এছাড়া জেলা প্রশাসক ও যশোর পৌরসভাকেও মামলার পক্ষ করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়েছে, বেজপাড়া মৌজার আরএস ১৩৩৪ দাগের একটি আট ফুট প্রশস্ত ইটের সোলিং করা রাস্তা দিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে এলাকার মানুষ তালতলা বাজার ও বেজপাড়া সরকারি কবরস্থানে যাতায়াত করছেন। শতাধিক পরিবারের পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করেন।
বাদীদের অভিযোগ, সম্প্রতি কয়েকজন বিবাদী রাস্তার ওপর ঘর নির্মাণের চেষ্টা করছেন। এতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি যশোর পৌরসভা, জেলা প্রশাসন ও একটি মানবাধিকার সংস্থাকে জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে তারা আদালতে মামলা করেন।
আরজিতে আরও বলা হয়েছে, এই রাস্তা বন্ধ হয়ে গেলে এলাকাবাসীকে বাজার ও কবরস্থানে যেতে তিন থেকে চার কিলোমিটার ঘুরে যেতে হবে। এতে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং দাফন কার্যক্রমেও সমস্যা সৃষ্টি হবে।
এ কারণে বাদীরা আদালতের কাছে রাস্তার ওপর এলাকাবাসীর চলাচলের অধিকার ঘোষণা এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীদের রাস্তা দখল বা চলাচলে বাধা দেওয়া থেকে বিরত রাখার নির্দেশনা চেয়েছেন।

