বাংলার ভোর প্রতিবেদক
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শেলী বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের মানসম্মত হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং মানবিক সেবার সমন্বয় ঘটাতে পারলেই সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
শুক্রবার বিকেলে যশোর-চৌগাছা মহাসড়কসংলগ্ন ডা. আনিসুজ্জামান ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি হাসপাতালের সাফল্য শুধু আধুনিক ভবন বা চিকিৎসা যন্ত্রপাতির ওপর নির্ভর করে না। রোগীর প্রতি আন্তরিক আচরণ, দ্রুত ও নির্ভুল চিকিৎসা এবং সেবার মানই একটি হাসপাতালের প্রকৃত পরিচয় বহন করে। তাই প্রতিটি রোগী যেন সম্মান, সহমর্মিতা ও নৈতিকতার সঙ্গে চিকিৎসাসেবা পান, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবা এমন হতে হবে যাতে সাধারণ মানুষ অযথা হয়রানি বা অতিরিক্ত ব্যয়ের শিকার না হন। মানসম্মত, সাশ্রয়ী ও স্বচ্ছ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। বেসরকারি হাসপাতালগুলোকে শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিন। সঞ্চালনা করেন খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এ.এস.এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত সচিব (অব.) এ. কে. নাজমুজ্জামান শাহিন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন এবং চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
এর আগে একই দিন চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চৌগাছা সমিতি ঢাকার উদ্যোগে ১০০ জন অস্বচ্ছল, পঙ্গু ও চলাচলে অক্ষম ব্যক্তির মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন।
এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্বও। সরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, চৌগাছা সমিতি, ঢাকার উপদেষ্টা মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোহাম্মদ ফেরদৌস খান ও এম ইদ্রিস সিদ্দিকী, অর্থ সম্পাদক মেহেদী হাসান মিঠু, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

