বেনাপোল সংবাদদাতা
ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে বিস্ফোরক মামলার পলাতক আসামি আবুল কালাম আজাদকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

আবুল কালাম আযাদ যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে এবং তিনি ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, বিস্ফোরক মামলার এজাহারভুক্ত একজন আসামি বেনাপোল দিয়ে ভারতে যেতে পারে  এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়।

একপর্যায়ে ওই আসামি এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দিলে তার নাম ব্লাক লিস্টে থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার  করেন তিনি বিস্ফোরক মামলার আসামি।

গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসরাফ হোসেন জানান, গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version