বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল আসা ভারতীয় সেই নারী রেশমা বিবি ও তার সন্তানকে অবৈধ প্রবেশ আইনের মামলায় পুলিশে সোপর্দ করেছে বিজিবি।
শনিবার দিবাগত রাতে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন।
ওসি জানান, ওই নারী ও তার শিশু সন্তানকে পুলিশ শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ কা হয়েছে।
এ বিষয়ে যশোরের পাবলিক প্রসিকিউটর সাবেরুল হক সাবু জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে রেশমাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে বৈধ উপায়ে নিজ দেশে পাঠানোর উদ্যোগ নেবে সরকার।
এর আগে রেশমা খাতুন দাবি করেছিলেন তিনি ভারতের বাসিন্দা। তার স্বামী ও ৩ সন্তান রয়েছে। তারা ভারতে আছে। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। চট্টগ্রামে পথচারীরা তাকে বেনাপোলের বাসে উঠিয়ে দেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই শুক্রবার ভারতীয় ওই নারীকে শিশু সন্তানসহ বেনাপোলে ঘোরাঘুরি করতে দেখা যায়। এসময় বিজিবি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল থানায় সোপর্দ করে।

