মাগুরা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শহরের নোমানী ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের বিএএম রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচনকালীন প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্রে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, মাগুরা জেলার মোট ৩০১টি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

সমাবেশে মাগুরা জেলার চারটি উপজেলার মোট ৩ হাজার ৯১৩ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।

Share.
Exit mobile version