মাগুরা সংবাদদাতা
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের নুরজাহান প্লাজা মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের পোশাক, পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি, টুপি ও কসমেটিকসের দোকানে তদারকি করা হয়। এ সময় ফ্যাশন ফেব্রিকস নামক প্রতিষ্ঠানে পাকিস্তানি পোশাকের কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে না পারা এবং অধিক দামে পণ্য বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে মার্কেটের অন্যান্য প্রতিষ্ঠানেও তদারকি করা হয়। এ সময় রমজান মাসে অযৌক্তিকভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
