বাংলার ভোর প্রতিবেদক

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন তার জায়গা সমাজে হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোন সদস্য হয়ে থাকে তার সাথে কোন  আপোস করা হবে না। দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সাথে তারেক রহমানের বিএনপির কোন সম্পৃক্ততা নেই এবং আগামীতে থাকবে না।

শনিবার যশোর সদর উপজেলার  চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া বাগডাঙ্গা,  ঝাউদিয়া বাজার, চান্দুটিয়া ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে। আপনারা ( এলাকাবাসী)  ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের (এলাকাবাসী) দেখার বিষয় না। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেবেন। এ ক্ষেত্রে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেয়ারও চেষ্টা করবেন না। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি  হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।

 

Share.
Exit mobile version