বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের এম এম আলী রোডে শিক্ষা উপকরণ বিক্রয় প্রতিষ্ঠান ‘আমার দোকান’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন যশোরের বিশিষ্ট কবি ও সাহিত্যিক কাশেদুজ্জামান সেলিম। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনালীদিনের প্রকাশক ও সম্পাদক এইচ এম সিরাজ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাপ্তাহিক সোনালীদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এ এম এ বিপ্লব, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনিরা আক্তার মুক্তা এবং ব্যবসায়ী হাসানুল বিশ্বাসসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরা আক্তার মুক্তা জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সহজে সংগ্রহের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু করা হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন।
