বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুত এবং প্যাকেটজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে চাঁচড়া ঢাকা রোডে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনের একটি বাড়িতে র্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হাবিবউল্লাহ খান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর ধরে ব্যবসা করলেও গত তিন বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য জব্দ করা হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ র্যাবের একটি টিম উপস্থিত ছিল।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বলেন, জনস্বাস্থ্য ও কৃষি নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

