চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ইঞ্জিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে চার দিন নিখোঁজ থাকার পর ইকলাস হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকায় কপোতাক্ষ নদের তীর থেকে তার মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। নিহত ইকলাস চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো ইঞ্জিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ইকলাস। দুপুরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেন, হয়তো রাতে ফিরবেন। কিন্তু রাতেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয়দের কাছ থেকে পরিবার জানতে পারে, সর্বশেষ ইকলাসকে শার্শা থানার কাশিপুর এলাকায় দেখা গিয়েছিল। পরদিন রোববার ইকলাসের পরিবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর এলাকায় কপোতাক্ষ নদের তীর থেকে ইকলাসের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।
পরিবারের অভিযোগ, ইঞ্জিন ভ্যানের জন্যই ইকলাসকে হত্যার শিকার হতে হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।
