বাংলার ভোর প্রতিবেদক
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে যশোর জেলা যুবদল।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে।
দেশের গণতান্ত্রিক যাত্রাকে নস্যাৎ করতে দেশবিরোধী চক্র অপতৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
অতীতেও বিএনপি জনগণের ভোটে যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, একই ভাবে দেশবিরোধী চক্র অপতৎপরতা চালানোর পাঁয়তারা করলে জনগণ তাদেরকে প্রতিহত করে। বিএনপির সাথে জনগণ আছে, কোন সন্ত্রাসী নেই। তাই দেশে কোন প্রকার সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হলে জনগণ তাদেরকে প্রতিহত করবে।
বক্তারা দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যশোরের মাটিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম আরিফ, ইমদাদুল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। সমাবেশে শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
