বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গুরুতর আহত স্ত্রীকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত তিথী (৩০) নড়াইল জেলার মিরাপাড়া এলাকার বিল্লালের স্ত্রী। তারা চাঁচড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে চাঁচড়া এলাকার ভাড়া বাসায় তিথী তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেধে বাম হাতের কব্জি বরাবর ধারালো দা দিয়ে কোপ দেন। এতে তার বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে অভিযুক্ত স্বামী নিজেই আহত স্ত্রীকে চিকিৎসার জন্য রাত ১২টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার করা হয়।
