মহেশপুর সংবাদদাতা :
ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা ও বেতন-হাজিরা শিটে অসংগতি নিয়ে অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে।
কর্মচারীদের অভিযোগ, হাসপাতালে বাস্তবে ৯ জন আউটসোর্সিং কর্মী কাজ করলেও বেতন ও হাজিরা শিটে ১০ জনের নাম রয়েছে।
তাঁদের দাবি, কাওসার নামে একজন কর্মচারী প্রায় ১৬ মাস আগে বিদেশে চলে যাওয়ার পর তাঁর পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। অথচ তার স্থলে হাসিনা খাতুনের নাম অন্তর্ভুক্ত করে ১১ মাসের বেতন উত্তোলন করা হয়েছে।
কর্মচারীরা জানান, দীর্ঘ ১৬ মাস বেতন বন্ধ থাকার পর চলতি মাসে তারা ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ১১ মাসের বেতন পেয়েছেন। বেতন শিটে হাসিনা খাতুনের নাম দেখে তারা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
কর্মচারী শাকিল ও নিরাপত্তা প্রহরী সন্দীপ কুমার দাবি করেন, হাসিনা খাতুন তাদের সঙ্গে নিয়মিত দায়িত্ব পালন করেননি। তার নিয়োগ ও বেতন উত্তোলনের বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা বলেন, জেলা সিভিল সার্জনের লিখিত অনুমতি নিয়ে ২০২৫ সালের অক্টোবর মাসে কাওসারের শূন্য পদে হাসিনা খাতুনকে নিয়োগ দেয়া হয়েছে।
তবে জুলাই ২০২৫ থেকে মে ২০২৬ পর্যন্ত বেতন শিটে তার নাম অন্তর্ভুক্তি এবং নিয়োগের সময়কাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করা প্রয়োজন।
