নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে ষাটের বেশি বাড়ি ও দোকানঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ক্ষতচিহ্ন রয়েছে। তবে ঘটনার দুই দিন পরও গ্রামজুড়ে আতঙ্ক কাটেনি।
২২ নভেম্বর বিকেলে সরেজমিনে দেখা যায়, গ্রামের বাসিন্দা সাবেক এমপি বি এম কবিরুল হক (মুক্তি), সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ৬৭টি বাড়ি ও দোকানঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কোনো কোনো বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। কোনো বাড়িতে শুধু ভাঙচুর ও অগ্নিসংযোগ, আবার কয়েকটি পরিবারে শুধু লুটপাট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্তরা হলেন, সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, সাবেক কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন, মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিপ্লব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, দাউদ মোল্যা, টুকু বিশ্বাস, পরশ বিশ্বাস, টুলু বিশ্বাস, সিপু বিশ্বাস, কালু বিশ্বাস, মোস্ত বিশ্বাস, শরিফুল বিশ্বাস, আজিম বিশ্বাস, রফিকুল বিশ্বাস, মৌন বিশ্বাস, আশিকুর বিশ্বাস, আকবর মোল্যা, মোস্তায়িন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, কেবর বিশ্বাস, মাহবুব বিশ্বাস, ছালাম বিশ্বাস, ছাকায়েত বিশ্বাস, তাজু বিশ্বাস, জাবের মোল্যা, রাসেল মোল্যা, রাজিব মোল্যা, মান্নান মোল্যা, জাকারিয়া ফকির, শিমুল মোল্যা, গহুর মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, রনিত শেখ, তোরাফ শেখ, সুরাফ শেখ, ইয়ানুর শেখ, পিকুল শেখ, ছামাদ শেখ, ছায়াদ শেখ, নুর ইসলাম, বক্কার মোল্যা, হান্নান সিকদার, আকমান সিকদার, নজরুল কাজী, টিপু বিশ্বাস, জাহিদুল শেখ, মফিজ শেখ, আনিসুল হক (পিকলু), দুলু বিশ্বাস, বুলু বিশ্বাস, মোয়াজ্জেম শেখ, বসার শেখ, বক্কার শেখ, হাফিজুর রহমান শেখ, শাহাজান বিশ্বাস, সিদ্দিক শেখ, রস্তম মোল্যা, আয়ুব মোল্যা, শহীদ বিশ্বাস, ফিরোজ মোল্যা, ইসমাইল বিশ্বাস।
পোড়া বাড়িতে দাঁড়িয়ে আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমার এই বিল্ডিংটাই ছয়টা রুম, সবগুলো পুড়াই দিছে।
রান্নাঘর পুড়াই দেছে, গোয়াল, খেড়ার পালা-সমস্ত কিছু মালামাল পুড়াই দেছে। যদ্দুর যা পারিছে, নিয়ে গেছে, আর সব পুড়াই দিয়ে গেছে। আমি একা বিটি মানুষ আছি। এখনো ভয়ের মধ্যে আছি। গতরাতেও ঘরের গ্রীল ভাঙিছে। শব্দ শুনে লাইট নিয়ে আসলে, চলে গেছে।
পারভিন বেগম বলেন, আমাদের সময় যাচ্ছে অনেক কষ্টে। আমরা মহিলা কেউ বাসায় নিরাপদ না। প্রত্যেকের ভয় ঢুকে গেছে। বাসায় রাতে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা বাসায় রাতে থাকি না।
পিকলু বিশ্বাসের স্ত্রী বলেন, আমাগে মাল-জিনিস, টাকা-পয়সা সম্পূর্ণ জিনিস লুটপুটে নিয়ে গেছে। পুলিশ যখন থেকে আইছে, তহন থেকে আমাগে ভয় কুমিছে। কিন্তু তারপরও আমাগে ভয় আছে। নিরাপত্তা নাই।
ভুক্তভোগীদের অভিযোগ, গত শুক্রবার বিকেলে হঠাৎ করে তাদের বাড়ি-ঘরে হামলা করেন বিএনপির লোকজন। এ সময় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তবে অভিযোগ নাকচ করেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, গত ১৮ নভেম্বর বেন্দারচরে বিএনপির মিছিলে হামলা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। এতে বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম নিহত হন। তারা সেই শোকে কাতর। ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম বলেন, “বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা কিছু ভাঙচুর করছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখন কোনো গোলযোগ নাই।”
এদিকে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে জানিয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এই মুহূর্তে বেন্দারচরে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবির দল আমাদের সঙ্গে কাজ করছে। জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন।
তিনি আরো বলেন, এছাড়া বিএনপির দুই নেতা নিহত ও পরবর্তী ঘটনায় কোনো মামলা এখনো হয়নি। আর সাবেক এমপির আত্মীয়-স্বজনদের ৫ থেকে ৬টি পরিবারের ১৫-১৬টি বাড়িঘর আক্রান্তের সন্ধান আমরা পেয়েছি, সব কিছু আমাদের তদন্তে আছে।
সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার গুজব :
হামলার শুরুতেই গত শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কালিয়ার বেন্দারচর ও বড় কালিয়ার ঘোষপাড়ায় বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ দাবি করে বিভিন্ন ভিডিও পোস্ট করা হয়।
তবে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেন্দা এবং বেন্দারচর পাশাপাশি দুটি আলাদা গ্রাম। বেন্দা এলাকায় হিন্দুদের বসবাস থাকলেও বেন্দারচরে কোনো হিন্দু বসতি নেই। তাই সেখানে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটার সুযোগও নেই।
বেন্দা গ্রামের শ্যামলি পাল বলেন, বেন্দায় প্রচুর হিন্দু, কিন্তু সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বেন্দারচরে বহু লোকের ঘরবাড়ি পুড়ায় দেছে। সে-গ্রামে কোনো হিন্দু নাই।
এছাড়া বড় কালিয়া এলাকার ঘোষপাড়ায় অবস্থিত কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে। আশপাশের আর কোনো বাড়িতে ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
