রামপাল সংবাদদাতা :
বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাসডাঙ্গার মোল্যাপাড়ায় রাস্তা ও কালভার্ট সংস্কার এবং নির্মাণের প্রয়োজনীয়তা যাচাইয়ে যৌথ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার বিকেল ৩টায় জেজেএস ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরামের উদ্যোগে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় শিশুরা নিয়মিত বিদ্যালয়ে যেতে সমস্যায় পড়ে। সরকারি বরাদ্দে কিছু রাস্তা নির্মাণ করা হলেও এখনো প্রায় আধা কিলোমিটার রাস্তা ও একটি কালভার্ট নির্মাণ প্রয়োজন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, এলাকার বাসিন্দারা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে রয়েছেন। তাদের জীবনযাত্রার উন্নয়নে সরকারি সহযোগিতা প্রয়োজন।
পরিদর্শনে প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, ইউপি সদস্য আ. হালিম ও শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
