বাংলার ভোর প্রকিবেদক :
যশোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রামনগর ইউনিয়নের এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও সন্দেহের জন্ম দিয়েছে স্থানীয়দের মাঝে।
মৃত গৃহবধূর নাম রিমা আক্তার। তিনি যশোর জেলার ঝুমঝুমপুর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের আছেল মোল্লার মেয়ে। রিমার স্বামী টিপুর বাড়ি রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
ভিকটিমের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রিমার উপর নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তার স্বামী। এছাড়া টিপু অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছেন তারা। রিমার সংসারে দুটি সন্তান রয়েছে—একজনের বয়স প্রায় পাঁচ বছর এবং অপরজনের বয়স মাত্র ৮ মাস।
ঘটনার পর ভিকটিমের আত্মীয়স্বজন শ্বশুরবাড়িতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, শ্বশুরবাড়ির লোকজন মাইকিং করে স্থানীয়দের উত্তেজিত করে তোলে এবং রিমার স্বজনদের আটকে রেখে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
স্বজনদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে রিমাকে হত্যা করা হয়েছে এবং এর সাথে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা জড়িত। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং জনমনে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
