বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়।
পরীক্ষা পরিচালনায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম

শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম ইভেন্ট ছিল ২০০ মিটার দৌঁড়। এতে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ডে এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়।

দ্বিতীয় ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়।

তৃতীয় ইভেন্টে পুরুষ প্রার্থীদের কমপক্ষে ১০ ফুট এবং নারী প্রার্থীদের কমপক্ষে ৬ ফুট লং জাম্প দিতে হয়। চতুর্থ ইভেন্ট হাই জাম্পে পুরুষ প্রার্থীদের ৩.৫ ফুট এবং নারী প্রার্থীদের ২.৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রার্থীরা প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পান। বিশেষ করে লং জাম্প ও হাই জাম্পে প্রতিটি প্রার্থীকে তিনবার করে সুযোগ দেয়া হয়।

চারটি ইভেন্ট শুরুর আগে সকল প্রার্থীকে নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেয়া হয়। এছাড়া নিয়োগ বোর্ডের সভাপতি প্রার্থীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে একাধিকবার দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আগামী দিনের পরীক্ষার ইভেন্ট সম্পর্কেও ধারণা দেয়া হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version