বাংলার ভোর প্রতিবেদক

যশোর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাঘারপাড়ার খাজুরা ও চৌগাছা এলাকা থেকে সাড়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার রাতে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোর সদরের মনোহরপুর ইছালি গ্রামের জহিরুল হক তুহিন, খাজুরা এলাকার রাহুল বিশ্বাস এবং চৌগাছার পুড়াপাড়া গ্রামের ফারুক হোসেন।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি দল বাঘারপাড়ার খাজুরা খাদ্য গুদাম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে রাহুল বিশ্বাস ও জহিরুল হক তুহিনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে একই রাতে ডিবি পুলিশের আরেকটি দল চৌগাছার পুড়াপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় বাড়ির সামনে থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফারুক হোসেনের বিরুদ্ধে চৌগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Share.
Exit mobile version