বাংলার ভোর প্রতিবেদক
এডিস মশা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে যশোরে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং জনসচেতনতামূলক অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে এ বিশেষ অভিযান এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে। অভিযানের আওতায় শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর হাতিয়ার।

প্রত্যেকের দায়িত্ব, নিজেদের বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিস্কার পানি জমে না থাকে। এতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস হবে এবং ডেঙ্গুর ঝুঁকি কমবে। সম্মিলিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর পৌরসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। নাগরিকদেরও এতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Share.
Exit mobile version