বাংলার ভোর প্রতিবেদক

যশোরে তারেক রহমানের জনসভার স্থান ঈদগাহে জনতা সমবেত হতে শুরু করেছেন। সকাল ৯টার পরপরই শহরে প্রবেশ করতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ আসা দলের কর্মী ও নেতারা।

বিকেল ৩টায় এখানে সমাবেশ শুরু হয়েছে। এছাড়া যশোর মেডিকেল কলেজ চত্বরেও বিপুল সংখ্যক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।

সেখান থেকে সড়ক পথে তিনি শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখননের উদ্বোধনের জন্য যান। পথে পথে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনতা তাকে হাত নেড়ে অভিবাদন জানান। এ সময় প্রধানমন্ত্রী তাকে বাসে ভেতরে সামনের দিকে দাড়িয়ে হাত নেড়ে তার জবাব দেন। বেলা ১২ টার দিকে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন করেন এবং সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

যাত্রাপথে যশোর-বেনাপোল সড়কে ফুলের রাজধানী খ্যাত গদখালী ফুল বাজারের বিক্রেতা ও চাষিরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তারা রাস্তার দুই পাশে দাড়িয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ফুল ছিটান।

উলাশী খাল খনন উদ্বোধন শেষে তারেক রহমান তার বহনকারী বাসে করে যশোর সার্কিট হাউজে এসে পৌঁছন।

Share.
Exit mobile version