বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে র্যাব-৬ এর ৪ শতাধিক সদস্য। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র্যাব-৬ এর আওতাধীন ২টি জেলার ৮টি সংসদীয় আসনে মোট ১৬টি টহল দল ও গোয়েন্দা ইউনিট দায়িত্ব পালন করছে। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ টহল কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
বুধবার সকালে জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এতথ্য নিশ্চিত করেছে র্যাব ৬ এর অধিনায়ক ফজলে রাব্বি।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ে যৌথ টহল জোরদার করা হয়েছে।
যশোর জেলার ৬টি সংসদীয় আসনে ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে র্যাব-৬ সিপিসি-৩ যশোরের অধীনে ১২টি টহল দল কাজ করছে। এছাড়া নড়াইল জেলাতেও ৪টি টহল দল দায়িত্ব পালন করছে। র্যাব জনসাধারণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত র্যাব বা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছে।
