বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের বেজপাড়ায় মাটির ঢিবি অপসারণের সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বিহারি কলোনিতে বাদল হকের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) ও আকবর (৫৫)। আব্দুর রাজ্জাক জানান, সকালে তারা বাড়িটির পেছনে মাটির একটি ঢিবি সরানোর কাজ করছিলেন। কয়েক স্তর মাটি কাটার পর কোদালের কোপ পড়লে বিস্ফোরণ ঘটে। এতে তিনি ও আকবর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বোমার বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেক আগে কেউ বোমাগুলো মাটির নিচে পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, গত কয়েক দিনে যশোর শহর ও শহরতলির বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাটির নিচে পাওয়া বোমার সঙ্গে ওই ঘটনাগুলোর কোনো যোগসূত্র আছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির মালিক বাদল হক বলেন, মাটির ঢিবিটি ১০ থেকে ১২ বছরের পুরোনো। তাই বোমাটি সাম্প্রতিক সময়ে সেখানে রাখা হয়নি বলে তার ধারণা। বোমাটির লোহার আবরণেও মরিচা ধরেছিল।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আহত দুজনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
