মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুরে জয়তী সোসাইটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শিরালী মদনপুর এলাকায় সোসাইটির সাড়াপোল শাখায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল, চাঁচড়া ডালমিল, যশোরের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ৩৫ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসা পরীক্ষায় ৩৫ জনের মধ্যে ৮ জনের চোখে ছানি এবং ২৭ জনের চোখে রিফ্রেকশন বা দৃষ্টিশক্তির পাওয়ারজনিত সমস্যা শনাক্ত করা হয়। রোগীদের কম্পিউটারের মাধ্যমে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেয়া হয়।
ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার ও লেন্স সংযোজন এবং দৃষ্টিশক্তির সমস্যায় আক্রান্তদের চশমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. আব্দুল মতিন, রেজিস্টার অ্যান্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন এবং ক্যাম্প অর্গানাইজার শ্যামসুন্দর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিরালী মদনপুর এলাকার অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আবুল হোসেন নাজিম। এ সময় জয়তী সোসাইটির সহকারী স্বাস্থ্য ব্যবস্থাপক দিলশাদ জাহান, শাখা ব্যবস্থাপক শাহিনা আক্তার সীমা, শাখার ব্যবস্থাপক আসলাম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়তী সোসাইটি ২০০২ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ নারী ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
