বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে সাত মাস বয়সী শিশু আন নাসরের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বিশেষ উপহার পেয়ে আবেগে ভাসছেন তার পিতা-মাতা। তারা বলছেন, “আমরা যেন স্বপ্নের ভেতর আরেক স্বপ্ন দেখছি।”

গত ২৭ এপ্রিল যশোর সফরের সময় এক মানবিক দৃশ্যের জন্ম দেন প্রধানমন্ত্রী। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ফেরার পথে তিনি রাস্তার পাশে মায়ের কোলে ফুল হাতে দাঁড়িয়ে থাকা শিশু আন নাসরকে দেখতে পান। নিরাপত্তাকর্মীরা সরিয়ে নেয়ার চেষ্টা করলেও তিনি নিজেই বাস থামিয়ে নেমে আসেন।

প্রধানমন্ত্রী শিশুটির মা আফরোজা খাতুন নীলিমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুটিকে কোলে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের সঙ্গে একটি স্মরণীয় ছবি তুলে বিদায় নেন। আবেগঘন ওই মুহূর্তটি নিলিমার ব্যক্তিগত ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শিশুটির হাতে ফুল দেখে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী তার জন্য উপহার পাঠানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মাধ্যমে সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়।

পরবর্তীতে বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন বৃহস্পতিবার শিশুটির বাড়িতে গিয়ে উপহার সামগ্রি পৌঁছে দেন।

মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রী নিজে বাস থেকে নেমে শিশুটির সঙ্গে দেখা করেন এটি সত্যিই অভাবনীয়। শিশুদের প্রতি তার ভালোবাসারই বহিঃপ্রকাশ এটি।

শিশুটির মা আফরোজা খাতুন নীলিমা বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন সম্মান পাওয়া আমাদের জন্য বিরাট প্রাপ্তি।

শিশুটির পিতা সাজেদুর রহমান পাপ্পু বলেন, “প্রধানমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু তিনি আমার সন্তানের জন্য উপহার পাঠাবেন-এটা কল্পনাও করিনি। এটি আমার জীবনের একটি বড় প্রাপ্তি।”

Share.
Exit mobile version