বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বিকেল বাঘারপাড়া থানাধীন ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাগুরা জেলার শালিখা থানার শতখালী এলাকার বাসিন্দা কবির হোসেন (৩০) ও আবু হানিফ (১৮)। তাদের মধ্যে হানিফের পিতার নাম রানা। আহত ব্যক্তির নাম আশিক (২৫) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তারা মোটরসাইকেলযোগে খাজুরা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির নিহত হন।

গুরুতর আহত অবস্থায় হানিফ ও আশিককে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। আহত আশিক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version