বাংলার ভোর প্রতিবেদক
ফুল চাষি নেতা, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা উপজেলা কমিটির আহ্বায়ক ও সিপিবির জেলা নেতা আব্দুর রহিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সংগঠনটির পক্ষ থেকে যশোরের পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, একজন জননেতা ও পরিবেশ আন্দোলনের সংগঠকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, গণতান্ত্রিক অধিকার ও সামাজিক আন্দোলনের ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

