বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে ছোট স্ত্রীর লাঠির আঘাতে আরিফুর রহমান নামে অশীতিপর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত ছোট স্ত্রী শেফালী বেগমকে (৫২) হেফাজতে নিয়েছে।
উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী জানান, মদনপুর গ্রামের আরিফুর রহমান (৮০) বড় স্ত্রীর মৃত্যুর পর শেফালী বেগমকে বিয়ে করেন।
স্থানীয়দের অভিযোগ, শেফালী বেগমের সঙ্গে প্রতিবেশী এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
প্রায় দুই সপ্তাহ আগে আরিফুর রহমান তার স্ত্রীকে ওই যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ বাড়তে থাকে।
সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে শেফালী বেগম লাঠি দিয়ে আরিফুর রহমানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় আরিফুর রহমান চিৎকার করে সাহায্য চান। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশীরা জানান, ঘটনার সময় শেফালী বেগম তাদের জানান, দরজার সঙ্গে ধাক্কা লেগে তার স্বামীর মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, “ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

