বাংলার ভোর প্রতিবেদক
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।
সৈয়দ দেলোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে যশোরের রাজনীতির সঙ্গে জড়িত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও রাজনৈতিক সহযোদ্ধারা তার এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, তার অভিজ্ঞ নেতৃত্বে জেলার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে।
এর আগে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়। এতদিন জেলা প্রশাসকেরা (ডিসি) জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি আসবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকেরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩, এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
