বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (রাত ১০টার দিকে) শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান। তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মোস্তফা ফরিদ আহমেদকে আটক করে এবং পরবর্তীতে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তবে এ ঘটনায় ভিন্ন দাবি করেছে তার পরিবার। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতের দিকে শহরের খালধার রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

