বাংলার ভোর প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ৮১ হাজার টাকার মালিকবিহীন অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার যশোর ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১৩৯টি শাড়ি, ৪টি কম্বল, ২ জোড়া জুতা, ৪টি তালা, ২ কেজি কিসমিস, ১৮টি ঘড়ি, ৬৫টি বিভিন্ন ধরনের ঔষধ এবং ১ হাজার ৮০৭টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮১ হাজার ৯৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
