বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দ্রুত পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট ও কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি। বৃহস্পতিবার বেলা ১২ টায় যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, যশোর জেনারেল হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিকিৎসা সেবার অন্যতম প্রধান কেন্দ্র। যশোর ছাড়াও ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘ সময় পার হলেও হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়নি। এতে প্রায় ৭০ লাখ মানুষের চিকিৎসা সেবা ঝুঁকির মধ্যে রয়েছে।
এ সময় নেতৃবৃন্দ জানান, করোনাকালে ১০ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হলেও তা এখনো পূর্ণাঙ্গ নয়। প্রয়োজনীয় জনবল নিয়োগ না থাকায় আইসিইউর মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
তারা আরও বলেন, হাসপাতালের জন্য কিডনি ডায়ালাইসিস কেন্দ্র অনুমোদন পেলেও তা চালুর বিষয়ে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে কিডনি রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমান, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা নেতা মিজানুর রহমান ও পলাশ বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
