বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক রিকশাচালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানার ভাটপাড়া এলাকার প্রাইম ইটভাটা রোডে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম আলমগীর (৫৫)। তিনি যশোর সদর উপজেলার চাচড়া বড় মাদ্রাসা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী গোলাম রাব্বি ঘটনাস্থলে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিকশা ভাড়া করে তাকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় নিয়ে যায়। পরে ভারি কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে আহত অবস্থায় ফেলে রেখে তার রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

Share.
Exit mobile version